নিজস্ব প্রতিবেদকঃ
শ্রমিক আন্দোলনের এক বলিষ্ঠ কণ্ঠস্বর, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও ভাড়াটিয়া পরিষদের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ বাহারানে সুলতান বাহার আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শ্রমিক আন্দোলনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
মোঃ বাহারানে সুলতান বাহার দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি, শ্রম আইনের সঠিক প্রয়োগ এবং ভাড়াটিয়াদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের আস্থার প্রতীক। তার বলিষ্ঠ নেতৃত্ব, দৃঢ়চেতা মনোভাব এবং সংগ্রামী জীবনের জন্য শ্রমিক সমাজে তিনি বিশেষভাবে শ্রদ্ধেয় ছিলেন।
তার নেতৃত্বে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন শক্তিশালী রূপ পেয়েছিল। একইসাথে ভাড়াটিয়া পরিষদের মাধ্যমে নিম্নআয়ের মানুষদের ভাড়ার ন্যায্যতা ও আবাসন সংক্রান্ত নীতিগত সমস্যাগুলো তুলে ধরেছিলেন। তার সংগ্রামের ফলে বহু শ্রমিক পরিবার ও সাধারণ ভাড়াটিয়া উপকৃত হয়েছে।
তার মৃত্যু সংবাদে রাজধানীসহ সারা দেশে শ্রমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শ্রমজীবী মানুষরা তাকে হারিয়ে গভীরভাবে মর্মাহত।
মোঃ বাহারানে সুলতান বাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান ও দৈনিক বিপ্লবী জনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ গোলাম ফারুক মজনু। এক শোকবার্তায় তিনি বলেন, “মরহুম মোঃ বাহারানে সুলতান বাহার ছিলেন শ্রমজীবী মানুষের একজন অকৃত্রিম বন্ধু। শ্রমিক অধিকার ও ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে দেশ একজন নিবেদিতপ্রাণ শ্রমিক নেতাকে হারালো।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






Leave a Reply