,

বরগুনায় চান্দুখালি তে প্রধান শিক্ষক কে অপসারণের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

হাফিজুর রহমান, বরগুনাঃ

বরগুনার বেতাগী উপজেলার চন্দুখালী ঐতিহ্যবাহী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমানের অপসারণের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

রবিবার ১০ আগস্ট ২০২৫ সকাল ১১টায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে চন্দুখালী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাবলুর রহমান প্রতিষ্ঠানটিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে, যা নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজমান।

তারা জানান, দীর্ঘদিন চিকিৎসাধীন ও ছুটিতে থাকার পরও ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে বিদ্যালয়ে যোগ না দেওয়া বাবলুর রহমান সম্প্রতি পুনরায় প্রতিষ্ঠানে ফেরার চেষ্টা করছেন। এতে শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তার স্থায়ী অপসারণের দাবি তুলেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির কয়েকজন সদস্য জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত শিক্ষা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *