বরগুনায় জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক-সাংবাদিকসহ আহত ১০

ইসহাক জুয়েল, বরগুনা:
বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিক্ষক-সাংবাদিকসহ উভয় পক্ষের দশ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা এবং ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সাথে ওই এলাকার সাংবাদিক জামাল মীর পরিবারের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে জোর করে চাষাবাদ করতে গেলে বাধা দেন সাংবাদিক জামাল মীরের বাবা, মা ও ভাই। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়।

হামলায় জামাল মীরের বাবা, মা ও ভাই ও অপর পক্ষের অবঃপ্রাপ্ত শিক্ষক বাবুল মীর সহ ৬-৭ জন আহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছালে সাংবাদিক জামাল মীরও প্রতিপক্ষদের হামলার শিকার হন। আহতদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাংবাদিক জামালের বাবা ও ভাইয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে এক পক্ষের তিনজনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *