,

বরগুনা জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

মো: জহিরুল হক, বরগুনা:

উপকূলীয় জেলা বরগুনার অবহেলিত চিকিৎসা সেবা নিশ্চিতকরণে বরগুনা জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন।

১৭ই আগস্ট রবিবার সকাল ১১ ঘটিকায় বরগুনা জেনারেল হাসপাতালের সামনে বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বাস্থ্য অধিকার ফোরম, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখা, জেরিন স্মৃতি কেয়ার, আমাদের জন্য আমরা,রোগী কল্যাণ পরিষদ, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল হক মাস্টার, জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, বরগুনা জেলা জামাতের আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন, বরগুনা জেলা যুবদল এর সভাপতি জাহিদ হোসেন মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়ে বক্তারা বলেন, উপকূলীয় এ জেলার ১২ লাখ মানুষের একমাত্র ভরসা স্থল বরগুনার জেনারেল হাসপাতাল কিন্তু এ হাসপাতালে ন্যূনতম চিকিৎসা সুবিধা নেই। চলতি বছরে এ জেলাটি ডেঙ্গু হটস্পট হিসেবে আলোচিত। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ জেলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছে। এখানে ৫৫ জন চিকিৎসকের পদ থাকলেও চিকিৎসক আছে মাত্র ২২ জন। যারা আছেন তারা অনেকেই নিয়মিত নন সপ্তাহে দু’এক দিন এখানে আসেন। হাসপাতালে আই সি ইউ, সি সি ইউ না থাকায় অধিকাংশ রোগী বরিশালের প্রেরণ করা হয়। তাদের অনেকেই পথিমধ্যে এম্বুলেন্সেই মারা যায়। তাই বরগুনা বাসীর দাবি বর্তমান সরকার অনতিবিলম্বে বরগুনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে বরগুনায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স নিয়োগ, আই সি ইউ, সি সি ইউ, উন্নত ল্যাব, পূর্ণাঙ্গ সার্জারি ওটি সিস্টেম চালু ও পর্যাপ্ত ঔষধ সরবরাহ করতে হবে। অন্যথায় বরগুনা সর্বস্তরের জনসাধারণ নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *