মৃত্যুবার্ষিকীতে বাবার স্মরণে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ

বাবার মৃত্যুবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছেলে। বরগুনার বেতাগী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করেন বিদ্যালয়ের দাতা সদস্য মরহুম মো. আশরাফ আলী শিকদারের ছেলে এটিএম নেয়ামুল বশির।

বিদ্যালয় সূত্রে জানা যায়, আশরাফ আলী শিকদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীরা এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে শিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে।

এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আর্থিক সংকটের কারণে মেয়েকে একটি স্কুলব্যাগ কিনে দিতে পারেননি। বর্ষাকালে বৃষ্টিতে বই-খাতা ভিজে যেত। উপহার হিসেবে স্কুলব্যাগ পাওয়ায় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এটিএম নেয়ামুল বশির বলেন, প্রান্তিক ও পিছিয়ে পড়া অঞ্চলকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। গ্রামীণ পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি তার প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেজর (অব.) নাজমুল আহসান রিন্টু বলেন, মরহুম আশরাফ আলী শিকদার ছিলেন বিদ্যালয়ের একজন শিক্ষা-অনুরাগী দাতা সদস্য। তার স্মরণে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পড়াশোনায় আরও অনুপ্রাণিত হবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *