বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল প্রায় ৪টার দিকে ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বরগুনা শহরের কালিবাড়ি এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪), তার বড় মেয়ে আরাধ্য বিশ্বাস (১২) এবং ছোট মেয়ে অনুরাধা বিশ্বাস (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকবাংলোর কর্মচারীরা দীর্ঘ সময় ধরে একটি কক্ষের দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতর থেকে মা ও দুই কন্যার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ইতি রানী জেলা পরিষদ ডাকবাংলোয় ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই অবস্থান করতেন। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *