বরগুনার বর্ষীয়ান নাগরিক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন মিয়ার ইন্তেকাল। কব চেয়ারম্যান গোলাম ফারুক মজনুর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ।

 

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার বিশিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, সদ্যপ্রয়াত সাবেক জেলা নাজির, সদরঘাট জামে মসজিদের সাবেক সহ-সভাপতি, দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদক ইউনুস সোহাগ ও সাংবাদিক হাফিজুর রহমানের শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন মিয়া আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় তাঁর নিজ আবাসন ‘আবেদীন ভবনে’ ইন্তেকাল করেন।

‘‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন।’’

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি ছিলেন একজন সৎ, দক্ষ, ধর্মপ্রাণ এবং সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সরকারি দায়িত্ব পালনে যেমন সততা ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তেমনি সামাজিক ও ধর্মীয় অঙ্গনেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন বরগুনা জেলার একজন প্রথম শ্রেণির নাগরিক, যার প্রতি সর্বস্তরের মানুষের ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

তাঁর মৃত্যুতে বরগুনার সামাজিক, সাংবাদিক ও ধর্মীয় মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান ও অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক মজনু এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন: ‘‘আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন মিয়া ছিলেন বরগুনার এক মহান অভিভাবক, একজন ন্যায়পরায়ণ ও সদালাপী মানুষ। তাঁর কর্মময় জীবনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *